সিলেট মহাসড়কে বিজিবির টহল। ছবি : জৈন্তা বার্তা
সিলেটে বিএনপি ও জামায়াতের ডাকা ৪র্থ দফার অবরোধ কর্মসূচি ২য় দিন সোমবার সকাল থেকে চলছে। অবরোধকে কেন্দ্র করে নাশকতা রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকালে থেকে সিলেটের লালাবাজার, রশিদপুর, দক্ষিণ সুরমা, মোগলাবাজার সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
অবরোধের সময় নাশকতা ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। এ ছাড়া পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অবরোধ কর্মসূচিতেও বিএনপি-জামায়াতের নাশকতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের কর্মকর্তারা। চোরাগোপ্তা হামলার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীচলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, টহলের পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদরদপ্তর।
JA




