সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলাবাগান বাজারে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৩ নভেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে সিলেট-সুলতানপুর সড়কের কলাবাগান বাজারে রাস্তার পাশে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে চালক অন্যত্র গেলে এই সুযোগে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পিকআপ চালকের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর আগেই পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি এস. এম মাইন উদ্দিন বলেন, পিকআপ ভ্যানে আগুনের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জৈন্তাবার্তা/এমকে




