প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কানাডার ভিসা নিয়ে ভ্রমণের সময় যে ৪২ যাত্রীকে অফলোড হয়েছে, তারা ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা নিয়েছিলো। আমার মন্ত্রণালয় ফেইক ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে বলেনি। তারা বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভিসা নিয়েছে, এক্ষেত্রে মন্ত্রণালয়ের দায় নেই।
তিনি বলেন, যারা এমনটা করেছে, তারা শাস্তি পাবে। আর যারা বৈধ কাগজপত্রে যাচ্ছেন তাদের উপর এর কোনো প্রভাব পড়বে না।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি আনফরের ভাঙা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটা সময় ওমানে ট্রাভেল এজেন্টদের মাধ্যমে প্রচুর লোকজন প্রবাসী হয়েছেন। তারা ভিজিট ভিসায় গিয়ে তা পরিববর্তন করে কাজের ভিসা করেছেন। তা বেহিসেবি হওয়ার কারণে ওমান সরকার ভিসা বন্ধ করে দিয়েছে। বিষয়টি রিভিউ করছে তারা।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। বাণিজ্যিক প্রসার ঘটে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পদ্মা সেতু। ঠিক এমনিভাবে বিছানাকান্দি এলাকায় এ সেতু বাস্তবায়ন হলে পাল্টে যাবে এলাকার জীবনচিত্র।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৪২ যাত্রী কীভাবে সিলেট থেকে তাদের বোর্ডিং কার্ড পেলেন তা খতিয়ে দেখতে গত ১০ নভেম্বর বিমানের অভ্যন্তরীণ তদন্ত দল সিলেটে যায়। এসময় তারা বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্ত দল ফেরত যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও যাত্রীরা তাদের ডাকে সাড়া দেননি।
JA




