ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সম্পূর্ণ বিনামূল্যে কমিউনিটি আই সেন্টারের মাধ্যমে চক্ষু রোগের সব ধরণের চিকিৎসা সেবা।
চলতি বছরের অক্টোবর মাস থেকে চালু হওয়া জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন বিল্ডিং এ বহিঃবিভাগে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে আসছে।
মূলত হাসপাতালের দক্ষ নার্স দ্বারা চিকিৎসা সেবা নিতে আসা জৈন্তাপুর উপজেলা ও পাশ্ববর্তী উপজেলার জৈন্তাপুরের নিকটবর্তী বিভিন্ন ইউনিয়নের রোগীদের চক্ষু চিকিৎসার পরীক্ষা নিরিক্ষা নেয়া হয়।
চিকিৎসার বিভিন্ন পরীক্ষা ও তথ্য সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের কর্তৃক টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়। কোন রোগীর চোখে জটিল সমস্যা থাকলে যদি অস্ত্রোপাচারের প্রয়োজন হয় তাহলে জৈন্তাপুর থেকে সিওমেক মেডিক্যালের স্থানান্তর করে বিনামূল্যে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের এই বিনামূল্যে সমন্বিত চক্ষু চিকিৎসা সেবার মধ্যে অন্যতম সেবাগুলো হচ্ছে, চোখের ছানি অপারেশন, দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান, গ্লুকোমা রোগ, ডায়াবেটিস জনিত চক্ষু চিকিৎসা, শিশু চক্ষু চিকিৎসা, রেটিনার রোগসমূহ, চোখের বিভিন্ন আঘাত জনিত সমস্যা,চোখের কর্ণিয়া সমস্যা, নেত্রনালীর রোগ সহ চোখের অন্যান্য রোগের চিকিৎসা প্রদান।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের অংশ হিসেবে গত মাস থেকে কমিউনিটি আই সেন্টারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ঔষধ প্রদান চলছে এবং এটা নিয়মিত চলতে থাকবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীন ভাবে হাসপাতালের বহিঃবিভাগে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেক রোগী এসে চক্ষু চিকিৎসা সেবা নিচ্ছেন।
এম সি




