জৈন্তাপুরে ১০টি ভারতীয় গরু সহ আটক ১
জৈন্তাপুরে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা ১০টি গরু আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করা হয়েছে। ওই আসামির নাম সুমন আহমেদ (১৯) । সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার মো বিল্লাল মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মডেল থানা পুলিশ। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের উপ পরিদর্শক মো সাহিদ মিয়া, পার্থ রন্জন চক্রবর্তী ও মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিজপাট খাশিয়া হাটীর প্রবেশ মুখ তিন রাস্তার পয়েন্টে থ্রি বি ফ্যাশন হাউসের সামনে থেকে গরুগুলো আটক করা হয়। এ সময় গরুর সাথে থাকা চোরাকারবারি সুমন আহমেদকে আটক করলেও অজ্ঞাতনামা আরো ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায় আটককৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকার মত। এগুলোকে ভারতের সীমান্ত অতিক্রম করে চোরাইপথে নিয়ে আসা হচ্ছিলো।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ১০ টি ভারতীয় গরু সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একজন আটক সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিকে মঙ্গলবার পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ সমস্ত অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা/এমকে




