নগরীর জিন্দাবাজার চৌহাট্টা সড়কের মোতালেব ভিলার সম্মুখের গ্রিল ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : জৈন্তা বার্তা
নান্দনিক সিলেট নগরী গড়ার লক্ষে সৌন্দর্য বর্ধনের নামে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। পুরনো প্রকল্প বাস্তবায়নের আগেই নতুন করে বাজেট হাতে নেয়া হচ্ছে। বরাদ্দের অর্থ উত্তোলন শেষে অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে নগরীর সৌন্দর্য বর্ধন প্রকল্পগুলো। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে যাচ্ছে সিটির মূল্যবান সম্পদ। নেওয়া হচ্ছেনা শস্তিমূলক ব্যবস্থা বা আইনি পদক্ষেপ। তাই, বাড়ছে সিটি কর্পোরেশনের মূল্যবান সম্পদ নষ্ট ও চুরি হয়ে যাওয়ার ঘটনা। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাও এর মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন সাধারণ নাগরিকরা। কাগজে কলমে দৃষ্টিনন্দন দেখানো হলেও বাস্তবে তার বিপরীত। এই অপরিকল্পিত সৌন্দর্য বর্ধনের সুফল পাচ্ছেন না নগরবাসী। রক্ষণানাবেক্ষণের অভাবে সৌন্দর্য বর্ধনের ব্যবহৃত সম্পদ যেন চলে যাচ্ছে ‘অচেনা দানবের’ পেটে।
নগর ভবন সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরে ৯শ ২৫কোটি টাকার বাজেটের মধ্যে শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই বরাদ্দ করা হয় ৫কোটি টাকা। এমনকি ২০২২-২৩ অর্থ বছরেও সৌন্দর্য বর্ধনে বরাদ্দ ছিল সমপরিমাণ অর্থ। এসমস্ত প্রকল্পে বরাদ্দে ধারাবাহিকতা থাকলেও নেই রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা। নেই নিয়মিত তদারকি ও দেখভাল করার নজির। যার ফলে গচ্চা যাচ্ছে জনগণের দেওয়া করের কোটি কোটি টাকা। যদিও কর্পোরেশনের অর্থ বছরের মোট বাজেটের অধিকাংশ বরাদ্দ করা হয় সড়ক, কালভার্ট, ড্রেন নির্মাণ, ফুটপাত, ভবন, ওয়াকওয়ে, পার্কসহ দৃশ্যমান প্রকল্পগুলোতে। যেগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে নগরীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। এছাড়াও প্রতি বছর নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য আলাদা করে বড় অংকের বাজেট বরাদ্দ রাখা হয়। এসমস্ত প্রকল্পগুলোর সূচনালগ্নে ঢাক-ঢোল বাজিয়ে প্রচার করা হলেও এর অধিকাংশই ধ্বংস হয়ে যায় নীরবে নিবৃতে।
যার মধ্যে, সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে, পার্ক, গেইট, ওয়াকয়ে, সড়ক বিভাজনে ফুলের গাছ, ওয়ালের দৃষ্টিনন্দন কারুকাজ, সড়ক বা পয়েন্টে নির্মিত স্থাপনাসহ অনেকগুলো প্রকল্প রয়েছে।
এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সৌজন্যে নির্মাণ করা ঝর্ণা, চত্বর সমূহ বিলীন হচ্ছে অযত্ন ও অবহেলার কারণে। যেগুলোর কোনোটি সম্পূর্ণ এবং কোনোটি আংশিক অকেজো অবস্থায় পরে থাকতে দেখা যায় এবং এক পর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। যা সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে নির্মাণ করা হলেও বাস্তবে সৌন্দর্য হারিয়ে নাগরিকদের গলার কাঁটা হয়ে দাড়ায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজনৈতিক ও বাণিজ্যিক ব্যানার-ফেস্টুন এবং পোস্টারে ঢেকে গেছে নগর কর্তৃপক্ষের নির্মিত সৌন্দর্যের স্থাপনাগুলো। নগরীর জিন্দাবাজার আল হামরা শপিং সিটির সামনের সড়কের বিভাজনে স্থাপন করা অন্তত ১০ থেকে ১২ ফুট জায়গার লোহার রেলিং, কিনব্রীজ এলাকার সুরমা নদীর তীরের এসএস পাইপের রেলিং, ঝালোপাড়ার সুরমা তীরের লাইট ও রেলিংয়ের অনেক অংশ ভেঙ্গে বা কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বন্ধ থাকা জালালাবাদ পার্ক ও সার্কিট হাউজের বাউন্ডারির লোহার রেলিং খুলে নিয়ে গেছে দূবৃত্তরা। হুমায়ূন রশীদ চত্বর, শাহী ঈদগাহ, নাইওরপুল, সার্কিট হাউজের সামনের (ক্বিনব্রীজ সংলগ্ন) ঝর্ণা অচল হয়ে মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। সুরমা পয়েন্টের নাগরী চত্বর, নাইওর পুল পয়েন্টে কদমফুল দত্বর, সিটি পয়েন্ট (কামরান চত্বর), বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট, রিকাবী বাজার কবি নজরুল চত্বরসহ বিভিন্ন পয়েন্টের স্থাপনাগুলো যথাযথ তদারকির অভাবে জনাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে এবং রাজনৈতিক ও বাণিজ্যিক ব্যানার পোষ্টারে সৌন্দর্যহানি ঘটছে।
এছাড়া রাতের আধারে পাথরবাহি বেপরোয়া ট্রাক নগরে প্রবেশ করে সড়ক বিভাজন ভেঙ্গে দিচ্ছে আম্বরখানাসহ বিভিন্ন এলাকার। কমতলীর বাস টার্মিনাল এলাকায় অনেক সড়ক বিভাজন ভেঙ্গে ফেলেছে অনিয়নিন্ত্রত গাড়ি। কোর্ট পয়েন্টের ফুটওভার ব্রিজে মাদকসেবীদের আস্তানা গড়ে ওঠায় বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। সর্বোপরি নগর কর্তৃপক্ষ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে শতকোটি টাকা ব্যয় করলেও তার সুফল পাচ্ছেনা নাগরিকরা।
নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা মামুন মিয়া বলেন, শুধু নির্মাণ করলেই হবেনা, নির্মিত স্থাপনা প্রতি দায়িত্বশীল হতে হবে। কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বা পাহারাদার থাকতে হবে।
সংস্কৃতি কর্মী বিমান তালুকদার বলেন, নগর উন্নয়ন মূলক যেকোনো পরিকল্পনা পরিবেশ সম্মত হতে হবে। যেকোনো স্থাপনা নির্মাণের পূর্বে তার ভবিষ্যৎ পরিকল্পনাটাও জরুরী। তাই নাগরিকদের মান সম্পন্ন জীবন যাপনে স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরির বিষয়টি পূর্ব পরিকল্পার মাঝে রাখতে হবে। পরিকল্পনার ভুলে যেকোনো ক্ষতির দায়ভার কর্তৃপক্ষ এড়াতে পারেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সিটির একজন সিনিয়র কর্মকর্তা দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, কর্পোরেশন কর্তৃক ব্যয়বহুল দৃষ্টি নন্দন সড়ক বিভাজন এবং ওয়াকওয়েসহ সৌন্দর্য বর্ধন এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের পোষ্টার, দলীয় প্রভাবসহ নানা কারণে নষ্ট হচ্ছে নগরীর নান্দনিকতা। যা প্রতিরোধ করা আমাদের ক্ষমতার বাইরে। ব্যয়বহুল এসমস্ত প্রকল্পগুলোতে ব্যবহৃত এসএস পাইপ বা লোহার রেলিং কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। আমরা মাঝেমধ্যে ধরি কিন্তু করার কিছু থাকেনা। অপরাধী সনাক্তের জন্য নাই সিসি ক্যামেরা। এক সময় উল্লেখযোগ্য পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা থাকলেও বর্তমানে সেগুলো অচল। আর অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বা মামলা কে করবে ? মামলা পরিচালনা, মামলার পিছনে দৌড়ানো, মামলার ব্যয়ভার সিটির আরও অর্থ ব্যয় হবে। কিন্তু তেমন কোনও কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। উল্টোভাবে ‘খাজনার তুলনায় বাজনা’ বেশি হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জৈন্তা বার্তাকে বলেন, সিসি ক্যামেরা না থাকায় অপরাধী সনাক্ত হচ্ছেনা। আর নিরাপত্তার ব্যাপারে যতটুটু সম্ভব আমরা চেষ্টা করছি। যদিও, এখন পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাস টার্মিনালের চুরি যাওয়া লাইটসহ চোরদের ধরে আইনের আওতায় আনা হয়েছে। সৌন্দর্য বর্ধনে বর্তমানে নতুন কোনো পরিকল্পনা আপাতত নেই। পুরনো প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করছে সিটি কর্পোরেশন। বালুচর ও করেরপাড়া, জল্লারপাড়, মাদার কেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী ওয়াকওয়েসহ অনেকগুলো প্রকল্পই সম্পন্ন হয়েছে। তবে, জমি সংক্রান্ত জটিলতার কারণে উপশহরের আইব্লকের ওয়াকওয়ের কাজ বাকী রয়েছে। জালালাবাদ পার্ক বন্ধের ব্যাপারে বলেন, এটি হাঁটার জন্য নির্মাণ করা হয়েছিল। হকারদের প্রবেশ ঠেকাতে আপতত বন্ধ রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় অনেক প্রকল্পের সৌন্দর্য ধরে রাখা কষ্টকর। আর ইজারা দেওয়াও মুশকিল। কারণ ধোপাদিঘি লিজ এর ব্যাপারে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সিটি নিজস্ব তহবিলে নির্মিত এবং বেসরকারী প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চত্বর ও ফোয়ারা সচল করার ব্যাপারে বলেন, ফোয়ারা সচল রাখা অনেক ব্যয়বহুল আর দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর দেখভালর জন্য কয়েকজন কর্মী নিয়োজিত আছে। জনবল সংকটের কারণে সবগুলোর নিরাপত্তায় পাহারাদার রাখা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, “বিশেষ করে সৌন্দর্য বর্ধন, রাস্তাঘাট তেরী, বিল্ডিং মেরামতসহ যেগুলো ফিকশন হওয়ার কথা বা যেগুলো কিছুটা নষ্ট হতে পারে। সেগুলোকে সতেজ রাখতে বা রক্ষণাবেক্ষণে মূল বরাদ্দের ৫ থেকে ১০ বরাদ্দ রাখতে হবে।
JA




