সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। ছবি: জৈন্তা বার্তা
সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানটি রীতিমতো যাত্রীদের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। জৈন্তাপুর ফেরিঘাট বাজার থেকে সিলেট অভিমুখী সারিঘাট উত্তর বাজার পর্যন্ত এই দুই কিলোমিটার অংশ এলাকার স্থানীয় মানুষের নিকট কাটাগাঙ নামে পরিচিত।
কাটাগাঙ এর মহাসড়ক অংশে দুই কিলোমিটার অংশের দুইপাশে বসতবাড়ির সংখ্যা খুবই কম। এই সংক্ষিপ্ত পথে রয়েছে মহাসড়কের দুইটি বাঁক। এছাড়াও কাটাগাঙ থেকে কিছু দূরের অংশে একদিকে সারিঘাট উচ্চ বিদ্যালয় অপর প্রান্তে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন। এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত চার হাজার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াত।
সম্প্রতি সময় সিলেট তামাবিল মহাসড়কের এই কাটাগাঙ অংশটি মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয়মাসে চারটি বড় ধরণের দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।
সরজমিনের গিয়ে দেখা যায় কাটাগাঙের এই দুই কিলোমিটার অংশ জুড়ে অসংখ্য গর্ত খানাখন্দে ভরা। সারিঘাট স্কুলের যাবার আগে কাটাগাঙ ব্রিজের বাম দিকে ব্রিজের উঠার সময় বিশাল গর্ত সামনে পড়ে। এছাড়াও ছোট বড় অসংখ্য খানাখন্দের কারণে পাথর ও পন্যবোঝাই ট্রাক ও যাত্রী ও পর্যটকবাহী যানবাহনকে রং সাইডে চলে আসতে হচ্ছে। যার কারণে ঘটছে নিয়মিত দুর্ঘটনা।
গত ছয়মাসের শুধুমাত্র কাটাগাঙ এলাকায় দুর্ঘটনার হিসাবে দেখা যায় চলতি বছরের ১৭ ই মে বুধবার দুপুরে বালু বোঝাই একটি ট্রাকের সাথে গরু বোঝাই মিনি পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে নূর ইসলাম (৪৫) ও শাহেদ আহমেদ (৩৫) নামে দুইজন ব্যবসায়ীর মৃত্যু হয়। একই ঘটনায় সেদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক রায়হানের (১৮) মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন।
এরপর এই কাটাগাঙ নামক স্থানে গত ২৭শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় গেইটলক ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী গুরুতর আহত হয়।
গত ২৪শে অক্টোবর (শুক্রবার) ঢাকার কেরানীগঞ্জ থেকে সিলেটে মাজার জিয়ারতে আসা ডিআই পিকআপ উল্টে কাটাগাঙে ঘটনাস্থলে চালক জাহাঙ্গীর (৩০) ও মোহাইমিন (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ডিআই পিকআপে থাকা আরো দশ জন যাত্রী গুরুতর আহত হয়।
গত শুক্রবার ( ১৭ ই নভেম্বর) বেলা ১১ ঘটিকায় সিলেটগামী যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে রোকেয়া বেগম (৫০) নামক এক নারীর মৃত্যু হয়। এরপর গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়া (৬০) ও চালক মিজানুর রহমান (২৫) কে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হলে দুপুরে স্বামী বাদশা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙে এমন ঘন ঘন সড়ক দুর্ঘটনায় সাধারণ যাত্রী ও জৈন্তাপুরবাসীর মধ্যে দেখা দিয়েছে রীতিমতো আতঙ্ক। গত ছয় মাসের বাহিরেও এই জায়গাতে অসংখ্যবার দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।
জৈন্তাপুর ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অলিউর রহমান ইদন জানান, বর্তমানে সিলেট তামাবিল মহাসড়কে বিভিন্ন স্থানে কমবেশী সংস্কার করা হলেও কাটাগাঙে কোন সংস্কার করা হয় নি। গত মার্চ এপ্রিল মাসে এই কাটাগাঙ অংশে সংস্কার কাজ হলেও তা ছিলো খুব নিম্নমানের। রাস্তার কাজের ফিনিশিং নিয়ে সড়ক বিভাগকে অবগত করলেও তারা কর্ণপাত করে নি। স্থানীয় ভাষায় যেই কাজকে ড্রাইভাররা লিপস্টিক ঢালাই বলে, সেই ধরণের নিম্নমানের কাজ করা হয়েছিলো। যার ফলে কয়েকদিন পরে অতি গরমে রাস্তার পিচ গলে উপরে উঠে চলে আসে এবং ছয়মাস না যেতেই গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, কাটাগাঙ অংশটির দুইপাশে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। বর্তমানে এই সড়কে দুর্ঘটনার হার যেভাবে বাড়ছে সে কারণে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে আছে। বিশেষ করে দুইটি স্কুলে যাতায়াতের জন্য অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে দুশ্চিন্তা বিরাজ করছে। তিনি অনতিবিলম্ব সড়ক জনপদ কর্তৃপক্ষ ও তামাবিল হাইওয়ে পুলিশকে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়ক সংস্কার ও সচেতনতামুলক নির্দেশিকা ও স্কুলের সামনে স্পীড ব্রেকার নির্মাণের আহবান জানান।
এ বিষয়ে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি বলেন, তিনি প্রতিদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তার সবচেয়ে ভয়াবহ এক পয়েন্ট হলো কাটাগাঙ মসজিদ সংলগ্ন স্থানে মহাসড়কে একসাথে পাঁচটি ফুলে উঠা অংশ। এই অংশটিতে পুরনো রাস্তার একটি কালভার্টের গার্ডার ছিলো। যেই গার্ডারটি অপসারণ করা হয় নি। যার কারণে বার বার সংস্কার করা হলেও এই অংশে পাঁচটি স্থানে রাস্তা ফুলে থাকে। যার কারণে কয়েক বছর আগে দুই দফায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ও ইজিবাইক দুর্ঘটনায় আহত হওয়ার মত ঘটনা হর হামেশাই ঘটছে। তিনি অনতিবিলম্বে কাটাগাঙ অংশে দুর্ঘটনা প্রবণতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এদিকে কাটাগাঙে ঘনঘন সড়ক দুর্ঘটনার ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের কোন মন্তব্য পাওয়া যায় নি।
JA




