ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। অতিবৃষ্টি ও উজানের ঢলের পানিতে সৃষ্ট বন্যায় এখন পচা ও জমাট বাঁধা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে বানভাসিদের দুর্ভোগের শেষ নেই।
বন্যা থেকে বাঁচতে কেউ ঘুমানোর খাট চালের সাথে বেধে পানিবন্দি অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করছেন, আবার অনেকে অন্যের বাসার ছাদে, রাস্তার পাশে কেউবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। সরকারি ও বেসরকারিভাবে প্রাপ্ত ত্রাণ দিয়ে টানা কয়েকদিন পানির সঙ্গে লড়াই করে ঠিকে থাকতে হয়েছে পানিবন্দি মানুষের।
নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় প্লাবিত হওয়া বাড়ি-ঘর, রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে বানভাসিদের কষ্ট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নোংরা ময়লা জমাট বাঁধা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে বাড়ির চারদিকে। পানিতে ভাসছে পলিথিনে ময়লার প্যাকেট, গাছের পাতা ময়লা আবর্জনা পচে তৈরি হচ্ছে তীব্র দুর্গন্ধ। একদিকে সুপেয় খাবার পানি সংকট, অন্যদিকে পানিতে পচা দুর্গন্ধ এতে ভোগান্তির শেষ নেই তাদের। অনেকে আক্রান্ত হয়েছেন নানা পানিবাহিত রোগে। সুপেয় পানি না থাকায় দৈনন্দিন কাজ এসব নোংরা পচা দুর্গন্ধযুক্ত বন্যার পানির উপর ভরসা করতে হচ্ছে তাদের। এতে চর্মরোগসহ দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ।
খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর বন্যায় প্লাবিত এলাকাগুলোতে পানিবাহিত রোগ বেড়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা তিনি জানান,পানি কমলেও পানিবাহিত রোগের সংখ্যা বাড়তে পারে, হতে পারে মারাত্মক রোগ। তাই সবাইকে সচেতনতার পরামর্শ প্রদান করা হয়েছে। তাছাড়া বন্যা দুর্গত এলাকায় আমাদের মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




