ছবি: সংগৃহীত
ছাত্র- জনতাকে নির্বিচারে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি’র একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল'র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশের ছাত্র- জনতা এবং জনগণের বিজয় হয়েছে। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের ধরে সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
মিলন বলেন, যাঁরা শহীদ হয়েছে, আমরা তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাঁদের স্বজনদের জন্য দোয়া করি, তাঁরা যেন শোক সইতে পারেন। তিনি বলেন, সুনামগঞ্জে যাঁরা আহত হয়েছেন এবং কারাবন্দী হয়েছিলেন, সবার প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। সুনামগঞ্জেও সর্ববৃহৎ এই রাজনৈতিক দল মানুষের ভালো থাকার জন্য কাজ করতে হবে। আমাদেরকে অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। সন্ত্রাস এবং চাঁদাবাজিতে সম্পৃক্ত হওয়া যাবে না। যাঁরা এসব কাজে সম্পৃক্ত হবে, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে। অন্য দলের নতুন কাউকে দলে আশ্রয় দেওয়া হবে না। সুযোগ সন্ধানীদের এই দলে ঠাঁই হবে না। আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে, নতুন কাউকে আশ্রয় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশে যারা আছি, সবাই বাংলাদেশী। আলাদাভাবে কাউকে দেখতে চাই না। আপনারা সকলে এই নির্দেশনা মানতে হবে।
জৈন্তাবার্তা / জারা




