ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ হামলা হামলা চালিয়ে অপর পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করে যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, পুকিডহর গ্রামের আরজু খান ও হোসেন খানের মধ্যে জমিজমা এবং আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বিরোধ চলে আসছে। উভয়পক্ষের ডজনখানেক মামলা আদালতে বিচারাধীন আছে। গত ২৯ জুলাই দুই পক্ষের সংঘর্ষে হোসেন খানের পক্ষের মুতিয়া বেগম নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হন। মুতিয়া বেগম নিহতের ঘটনায় গত ১৬ আগস্ট ফরমান খান বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর আরজু খানের পক্ষের লোকজন বাড়ি ছাড়ার সুযোগে বাড়িঘরে চালানো হয় ব্যাপক ভাংচুর-লুটপাট।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর দুই পক্ষের বন্দুকযুদ্ধে আরজু খানের পক্ষের দুলাল মিয়া নামের এক যুবক খুন হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলমগীর খান ও আফতর খানের নেতৃত্বে অর্ধশতাধিক হামলাকারী আরজু খানের পক্ষের মনাফ মিয়া, বুদর উল্লা, নজমুল খান, সালমান খান, আনছার খান, রুপন খান, মুছুন উল্লা, আজিজুর রহমান, রুপ উদ্দিন, নাজির খান, মন্নান মিয়া, সোলেমান খান ও সৈয়দ উল্লার বাড়িতে একএক করে হামলা করে।
হেমার দিয়ে কয়েকটি পাকা ঘরের দেয়াল গুড়িয়ে দিয়ে স্টীলের দরজা, জানালা, লোহার গেইট, ট্র্যাক্টর, গবাদিপশু, ধানসহ আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
এই বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভাংচুরের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




