ছবি: নিজস্ব
সুনামগঞ্জে বিএনপি নেতাদের নামে আদালতের নাজিরের কাছে চাঁদা দাবি করায় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী, মুস্তাক আহমেদ, আইনজীবীর সহকারী কবির হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ওই তিনজনকে আটকে রেখে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে জানানো হয়। তিনি চাঁদাবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। পরে সদর থানা পুলিশ তিন চাঁদাবাজকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, হঠাৎ করে কেন এভাবে একজন নাজিরের কাছে চাঁদা দাবি করা হলো তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ দুই ছাত্রদল নেতা জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত ও জেলা ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক নাসিম চৌধুরীর কর্মী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ‘বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে আটক করে পুলিশে দেয়ার জন্য আমরা সবাইকে বলেছি। জেলা বিএনপির ইমেজ জনগণের কাছে নষ্ট করতে চক্রান্ত করা হচ্ছে। সামনে নির্বাচন, আমরা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বিভাগীয় আলোচনায় এ নির্দেশনা দিয়েছেন, কেউ যদি বিএনপির সঙ্গে থেকে চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে চাঁদা দাবি করায় তিন জনকে আটক করা হয়েছে। অভিযোগকারী মামলা করার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
এম সি




