সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসতবাড়ির সীমানা দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এক প্রবাসীর পরিবার। রোববার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দক্ষিণ নতুন নগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রবাসীর পরিবারের লোকজন জানান, বিগত সরকারের আমলে সৌদি প্রবাসী সমর আলীর বসতবাড়ির সীমানা দখল করেন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আব্দুল আজিজ ও তার আত্মীয়-স্বজন। এ নিয়ে স্থানীয় সালিশ বিচারে সীমানা পুনঃনির্ধারণ করে দেওয়া হলেও প্রতিপক্ষের লোকজন প্রবাসীর ঘরের কাজে বাধা দিচ্ছেন।
প্রবাসীর স্ত্রী দিলারা বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকাকালে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে আমাদের বসতবাড়ির জমি দখল করে নেয়। পরে সালিশে সীমানা নির্ধারণ করে দিলেও এখন তারা আমাদের ঘর বানাতে বাধা দিচ্ছে এবং হুমকি-ধমকি দিয়ে আসছে।
প্রবাসী সমর আলী বলেন, আব্দুল আজিজ ও তার ভাই-ভাতিজারা অত্যন্ত উগ্র ও লাঠিয়াল। আমি প্রবাসে থাকাকালে তারা অহেতুক বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ করে আসছিল। সামাজিক সালিশে সমাধান করা হলেও তারা আবার আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ নিয়ে বর্তমানে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হতে পারে।
মানববন্ধনে প্রবাসীর পরিবারের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পঞ্চায়েতের লোকজন উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / আরআর




