সংগৃহীত
আইন উপদেষ্টা সম্প্রতি বিচারপতিদের উদ্দেশে বলেন, বিচারব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনে বিচারকদের সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না।শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে।
আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ অন্তর্বর্তী সরকারের সিগনেচার স্টেটমেন্ট। অন্তবর্তী সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে, বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ।বিচারপতিদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, বিচারবিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন, যিনি মানুষের কাছ থেকে তরবারি উপহার নেন, ছাত্র সংগঠনের কাছ থকে ফুল উপহার নেন, মৌলিক অধিকার ছিনিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন। বিচারবিভাগের জন্য এসব ভালো কিছু না।
তিনি আরো বলেন, আপনারা কোনো দলীয় মনোভাব রাখবেন না। আপনার বিবেকের সঙ্গে কথা বলেন, কারো সঙ্গে অবিচার করবেন না। নিম্ন আদালতে যারা আছেন, আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানিমুক্ত রাখবেন।
জৈন্তাবার্তা / এনআর




