সংগৃহীত
ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও নিজস্ব গতিতে চলবে।ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়া পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ আখ্যা দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাইছেন। একজন মানুষের ন্যূনতম লজ্জাবোধ না থাকলে কেবল তিনিই এমন কাজ করতে পারেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন? শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এ দেশের মানুষ তা কখনো ভুলবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এসব হামলায় বহু তরুণ ও শিশু প্রাণ হারিয়েছেন। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে চিরজাগরূক হয়ে থাকবে।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।
জৈন্তাবার্তা/সুলতানা




