ফাইল ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি নদী থেকে ভাসমান অবস্থায় মো. রিয়ান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জুড়ি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় কয়েকজন সেটি নৌকায় তুলে পাড়ে নিয়ে আসেন।
খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত যুবক ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
এ বিষয়ে সুরতহালকারী ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রিয়ান উদ্দিন মাসিক বেতনে স্থানীয় একটি বিল পাহারা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার দুপুর পৌনে ২টায় ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন পরিবার সদস্যরা। এর কিছুক্ষণ পর তার মরদেহটি উদ্ধার হয়।
জৈন্তাবার্তা/এমকে




