ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) দুপুরে র্যাব-৯, সিলেট এবং র্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, ভিকটিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত কামাল হোসেন (৩০) বিবাহিত এবং এক সন্তানের জনক। তিনি ভিকটিমের বাড়ির আশপাশে যাতায়াতের সুবাদে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে তিনি ভিকটিমের সঙ্গে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি দেন।
তবে গত ১৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে কামাল হোসেন কিশোরীকে প্রলোভন দেখিয়ে সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে। পরে ভিকটিমের দাদু বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভৈরবের কালিপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চন্দধনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




