ছবি:সংগৃহীত
শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কৃষক কালাম উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের মাধ্যমে নেপিয়ার ও পারা ঘাস চাষে সফলতা অর্জন করেছেন। উপজেলার বানাইয়া হাওরের কূলঘেঁষা জহিরপুর এলাকায় কয়েক বিঘা জমিতে তিনি নেপিয়ার ঘাস ও পারা ঘাস চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা ঘাসের ক্ষেতগুলো বেশ পরিচ্ছন্ন ও পরিচর্যাযুক্ত। জমিতে সারি করে লাগানো নেপিয়ার ঘাস দ্রুত বেড়ে উঠেছে আর পারা ঘাস নিচু জমিতে ছড়িয়ে বিস্তৃত হয়েছে। এই দুই ধরনের ঘাস কালামের গরুর খামারের প্রধান খাদ্য জোগান দিচ্ছে।
কৃষক কালাম বলেন, আমি আগে গরুর খাদ্য নিয়ে অনেক সমস্যায় পড়তাম। বাজার থেকে ঘাস কিনে আনতে খরচ বেশি হতো। পরে নিজেই নেপিয়ার ও পারা ঘাস চাষ শুরু করি। এখন আমার খামারের গরুগুলো সহজেই খাবার পাচ্ছে এবং খরচও অনেক কমে গেছে। ভবিষ্যতে আরও জমিতে এই ঘাস চাষের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা বলেন, কালামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার দেখাদেখি এখন অনেকেই ঘাস চাষে আগ্রহী হচ্ছেন। এতে করে খামারিরা লাভবান হবেন এবং এলাকায় পশুপালন আরও বাড়বে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগে সরকারি সহায়তা ও প্রশিক্ষণ আরও বাড়ানো হলে উপজেলার অনেক বেকার যুবক কৃষি ও খামারমুখী হতে উৎসাহিত হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




