সংগৃহিত
সিলেটসহ দেশের ১৩টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে—সিলেট, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের প্রায় সব বিভাগেই আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী দুদিন দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন স্বাভাবিক হলেও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে অবস্থান এবং নদীপথে চলাচলে সতর্ক থাকা জরুরি।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




