ছবি:সংগৃহীত
সিলেট বিভাগে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে। গত কয়েক দিনে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসে শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন। ফলে বিভাগজুড়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগে মোট ৫৬ জন হাম আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত পাঁচ দিনে সিলেটে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘এ পর্যন্ত ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে তিন শিশুর অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্কও রয়েছেন, যারা আপন ভাই-বোন।’
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের সমন্বয়ে পৃথক মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে, মৌলভীবাজার জেলায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ১৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘প্রতিদিনই হামের লক্ষণ নিয়ে রোগী আসছেন। তবে ঢাকায় পরীক্ষা করাতে হওয়ায় নিশ্চিত ফলাফল পেতে সময় লাগছে।’
সুনামগঞ্জে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ছাতক উপজেলায় একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, সিলেটে হামের নমুনা পরীক্ষার নিজস্ব ব্যবস্থা না থাকায় রোগ শনাক্তে বিলম্ব হচ্ছে। নমুনা ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ল্যাবে পাঠানো হয় এবং চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘হামের নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট না আসা পর্যন্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’
চিকিৎসকরা জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুরা হামের ঝুঁকিতে বেশি থাকে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে র্যাশ দেখা দেওয়া এ রোগের প্রধান লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




