ছবি:সংগৃহীত
বৃহত্তর সিলেটের সকল পর্যটন কেন্দ্রকে নিরাপদ ও পূর্ণাঙ্গ নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে সিলেটের তিনটি সামাজিক সংগঠন।
সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ৪ এপ্রিল ‘শিক্ষা সফর ২০২৬’ আয়োজন উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলের প্রতিটি পর্যটন কেন্দ্রে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সরাসরি নজরদারি জোরদারের দাবি জানান তারা। পর্যটকদের যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আরও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ব্যবহার করে পাঠদান কার্যক্রম পরিচালনা বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের শিক্ষার্থীদের সার্বিক অবস্থা ও সাধারণ নাগরিকদের জীবনমান বিবেচনায় এই পদ্ধতি বন্ধের দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব দিবস ২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ।
সভায় স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, হুমায়ুন রশিদ চৌধুরী, চিত্ত রঞ্জন দাস, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সাহেদ আহমদ শান্ত, মোহাম্মদ সহিদ চৌধুরী, মোঃ তাজ উদ্দিন, মোঃ আল-আমিন আহমদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শংকর বিশ্বাস, অবিনাশ চন্দ্র দাস, মোঃ মাহবুব ইকবাল মুন্না, মোহাম্মদ মাহফুজুর রহমানসহ সমাজের সচেতন নাগরিকরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




