গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন বিলীন হওয়ার পথে শতবর্ষী মাজার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন বিলীন হওয়ার পথে শতবর্ষী মাজার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০১:২৭:৩৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন  বিলীন হওয়ার পথে  শতবর্ষী মাজার

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পনাইরচক নামক স্থানে কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে শতবর্ষী ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হযরত সদাইশাহ (রহ.) এর মাজার। ইতোমধ্যে নদীভাঙনে মাজার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং প্রতিদিনই ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। মাজারের খুব কাছ পর্যন্ত নদী পৌঁছে গেছে, ফলে যে কোনো সময় মূল স্থাপনাটি ভেঙে পড়ে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মাজারটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং দীর্ঘদিন ধরে এটি এলাকার মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে এসে জিয়ারত করেন। তাই এই মাজার বিলীন হয়ে গেলে তা হবে একটি অপূরণীয় ক্ষতিÑ এমনটাই মনে করছেন সচেতন মহল।

তরুণ সমাজসেবক জাবেদুর রহমান রিপন জানান, অতীতেও কুশিয়ারা নদীর ভাঙনে বহু ঘরবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি অবিলম্বে জিও ব্যাগ ফেলা, বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণসহ জরুরি ভিত্তিতে নদী শাসনের কাজ শুরু করার দাবি জানান।

এ বিষয়ে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যাবে শতবর্ষী এই ধর্মীয় নিদর্শন।

সচেতন নাগরিক সমাজ বলছেন, দেশের বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে যেভাবে বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তেমনি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান রক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান।



সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে

থাকবে খেলাধুলা

# ৩০ এপ্রিল সিলেটে নতুনকুঁড়ি স্পোর্টস উদ্বোধন হবে

নিজস্ব প্রতিবেদন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মা. আমিনুল হক বলেছেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, ‘প্রতিটি খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে। আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। বুধবার সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলার উন্নয়নে বিএনপি সরকারের অবদান উল্লেখযোগ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে নতুনকুঁড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রবর্তন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

আমিনুল হক বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি বিশ্বাস করেন, খেলাধুলার প্রসার ঘটলে যুবসমাজ মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে থাকবে।’

নতুনকুঁড়ি স্পোর্টস উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, সারাদেশে নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে এ কর্মসূচি উদ্বোধন করবেন এবং একই সঙ্গে দেশের ৬৪ জেলায় প্রতিযোগিতার সূচনা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজন এবং খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফর এবং সিলেট থেকে এমন একটি বড় আয়োজনের উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কর্মসূচি সফল করতে সিসিকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।

সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বিশেষ অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস মিয়া ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল