নিজস্ব
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের অবাধ ব্যবহার বেড়েই চলেছে। উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কলারাই, উমরপুর, বুরুঙ্গা, হাজিপুর ও শেরপুরসহ বিভিন্ন হাট-বাজারে প্রতিদিনই প্রকাশ্যে ব্যবহার ও বিক্রি হচ্ছে এসব পলিথিন ব্যাগ।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ব্যবসায়ী পণ্য বিক্রির ক্ষেত্রে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। বিশেষ করে কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানগুলোতে এর ব্যবহার সবচেয়ে বেশি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়া সত্ত্বেও পলিথিন ব্যবহারে কোনো ধরনের নিয়ন্ত্রণ চোখে পড়ছে না।
এদিকে শুধু বাজারেই নয়, উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লার ড্রেইন ও নালায়ও দেখা যায় পরিত্যক্ত পলিথিন ব্যাগের স্তূপ। এসব পলিথিন জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অনেক স্থানে ড্রেইন উপচে রাস্তায় নোংরা পানি ছড়িয়ে পড়ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দীর্ঘদিন মাটিতে থেকে এটি পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, বাংলাদেশে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ (সংশোধিত ২০১০) অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। তবুও প্রশাসনের নজরদারির অভাবে উপজেলার বিভিন্ন স্থানে এ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থামছে না।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি না করলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে।
জৈন্তাবার্তা/সুলতানা




