সংগৃহিত
গোয়াইনঘাটে পান ব্যবসায়ী আবুল কালামের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে পরিবারের অভিযোগ-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় তিনি নিহত হয়েছেন। অন্যদিকে স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে ভিন্ন চিত্র, যেখানে ঝগড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা বলা হয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়ন-এর ইসলামাবাদ গ্রামের লংলাখাল এলাকায় ঘটে।
নিহত আবুল কালামের ছেলে সালেহ আহমদ জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কুতুব উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওইদিন সকালে কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে তার বাবা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আবুল কালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশি মামলা না থাকায় ঘটনাটি প্রাথমিকভাবে ‘ব্রট ডেড’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিনসহ স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার আগে আবুল কালামের স্ত্রী ও ভাতিজি খাদিজার সঙ্গে কুতুব উদ্দিনের স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজি একটি ছোট ডাল দিয়ে আঘাত করলে তা হাতের আঙুলে লাগে। পরে ঝগড়া মিটে যায়। তবে কিছুক্ষণ পর আবুল কালাম নিজ বাড়ির বারান্দায় হঠাৎ অচেতন হয়ে পড়েন। স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রামের যুবসমাজের সদস্যরা বলেন, যদি জমি বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তারা পরিবারের পাশে দাঁড়িয়ে সুষ্ঠু বিচার দাবি করবেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




