ছবি:সংগৃহীত
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ বিষয়ে সিলেটে একটি আইসিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বাণ ইন-এ ‘বাংলাদেশে এআই-এর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন কৌশল’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়। এতে ৬৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সংগঠনের জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তার সভাপতিত্বে এবং সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাফিসা শবনমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের সিইও হিমাংশু মিত্র, উদ্যোক্তা মালেকা পারভীন মলি, মোসা. শামসুন্নেসা সোমা এবং মহানগর সভাপতি জহুরা আক্তার।
প্রশিক্ষণ সেশনে রুবাইয়া মেহজাবিন পলী, পার্থ প্রতিম রায় ও কুমার নিটোল অংশগ্রহণকারীদেরকে এআই টুলস ব্যবহার করে পণ্য বিপণন, গ্রাহক সেবা উন্নয়ন এবং কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য এআই প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
তারা আরও উল্লেখ করেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আধুনিক সময়ের গুরুত্বপূর্ণ প্রযুক্তি এআই নিয়ে সচেতনতা ও দিকনির্দেশনা দিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সিলেটের বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তা ও আইসিটি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




