জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
যথাযোগ্য মর্যাদায় জৈন্তাপুরে জাতীয় সংবিধান দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) বেলা ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। " বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে প্রতিটি বাংলাদেশি নাগরিক হিসেবে সবার দায়িত্ব। রাষ্ট্রীয় সংবিধান মেনে চলা ও এর পরিপন্থি কোনো কাজে নিজেকে না জড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ও রাষ্ট্রীয় সংবিধান নিয়ে অনেক অপ্রচার চালিয়ে আসছে। তিনি এই ধরনের অপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ. মো. জহিরুল ইসলাম, শিল্পি আচার্য, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল জলিল, নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




