সংগৃহিত
সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে স্বর্ণপদকজয়ী খেলোয়াড় আব্দুল জাহির তানভীরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা- - বলেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, তিনি বাংলাদেশের গর্ব। নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রম দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য স্বর্ণপদক এনে দিয়েছেন, যা পুরো জাতির জন্য গৌরবের।
তিনি আরও বলেন, সকল বাধা অতিক্রম করে তানভীর যেভাবে এগিয়ে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তরুণদের অপরাধমুখী না হয়ে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে।
সংবর্ধিত অতিথি তানভীর বলেন, 'নিজের জন্মভূমিতে এমন সম্মান পেয়ে আমি গর্বিত।' এই সাফল্যের পেছনে বড় ভাই আব্দুল বাছিতের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, তার অর্জন বিশ্বনাথসহ পুরো বাংলাদেশের। ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয়ভাবে একটি ইনডোর স্টেডিয়ামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের সন্তান তানভীর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে জাতীয় ব্যাডমিন্টন দলে যোগ দেন। পরবর্তীতে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়ন হন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করে বিশেষ স্বীকৃতি লাভ করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




