সংগৃহিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আজ শনিবার দিনব্যাপী ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসএমই ফাউন্ডেশন ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, সিলেটের দুই গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ‘জ্ঞানের বাতিঘর’ হিসেবে কাজ করবে বলে তিনি আশা করেন।
বক্তব্যে মন্ত্রী শাবিপ্রবির প্রতিষ্ঠায় সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী-এর অবদান স্মরণ করেন। একই সঙ্গে সিলেটের উন্নয়নে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান-এর অবদানও তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নতুন বিভাগ চালু, পরিবহন সুবিধা বৃদ্ধি, ছাত্রাবাস নির্মাণ ও সুইমিং পুলসহ বিভিন্ন প্রস্তাবনা পাওয়া গেছে। এসব পরিকল্পনা সমন্বিত প্রকল্প আকারে উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ৫০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বেকারত্ব দূরীকরণে এসএমই ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শিগগিরই ক্যাম্পাস এলাকায় সড়ক উন্নয়ন কাজ শুরু হবে।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীদের পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক খালেদ আহমেদসহ অন্যরা।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




