সংগৃহিত
সিলেটে অনুষ্ঠিত এক সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু একটি দেশের ওপর নির্ভর না করে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা চলছে এবং অন্যান্য সম্ভাবনাময় দেশগুলোতেও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনবল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে দেশের তরুণরা দক্ষতা অর্জন করে বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হতে পারে।
মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা—যেমন ভিসা জটিলতা, নিরাপত্তা ও মৃতদেহ দেশে আনা—এসব বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে।
এ সময় তিনি সিলেটের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন এবং জানান, প্রবাসীদের জন্য একটি আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




