সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল নববর্ষের রঙিন আমেজ ও বাঙালি সংস্কৃতির উচ্ছ্বাস।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মাছ, তরমুজ, হাতপাখা, ডাকটিকিটের বক্সসহ বাঙালি ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের বাড়তি আনন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নববর্ষের অঙ্গীকার নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নববর্ষ মানে নতুন করে শুরু করা। অতীতের ভুল-ত্রুটি ভুলে আমরা নতুনভাবে এগিয়ে যাব।’ এ সময় তিনি দেশের খেটে খাওয়া মানুষের কথা স্মরণ করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ইফতেখার রহমান।
জৈন্তাবার্তা/সুলতানা




