কুয়েতে গাঁজা চাষ!
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২১ PM

কুয়েতে গাঁজা চাষ!

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১২:১৬:২৬ AM

কুয়েতে গাঁজা চাষ!

ছবি:সংগৃহীত


কঠোর মাদকবিরোধী আইনের দেশ কুয়েতে অবৈধভাবে গাঁজা চাষের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গোপন আস্তানায় আধুনিক পদ্ধতিতে গাঁজা উৎপাদনের অভিযোগে চারজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালিত এক বিশেষ অভিযানে গাঁজা চাষের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারি ও আইনি অনুমতির ভিত্তিতে এক সন্দেহভাজনের বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অভিযানে আধুনিক প্রযুক্তিনির্ভর ইনডোর পদ্ধতিতে গাঁজা চাষের ব্যবস্থা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৭০টি গাঁজার চারা এবং প্রায় ১ কেজি প্রস্তুতকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

এছাড়া অভিযানের সময় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরে তাদের ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মাদক চাষ ও পাচারকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নতুন আইনে এসব অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি রয়েছে বড় অঙ্কের জরিমানার ব্যবস্থাও।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ