দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

কর্মরত অবস্থায় মৃত্যু

দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:৩২:৪৩ অপরাহ্ন

দুই সিসিক কর্মীর পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মৃত কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদান গ্রহণ করেন পানি শাখার পাম্প অপারেটর প্রয়াত হাসান মাহমুদ মাসুমের স্ত্রী মোছাম্মত সেলিনা আক্তার এবং পরিবহন শাখার গাড়িচালক প্রয়াত মো. আব্দুল হান্নানের স্ত্রী রোমানা বেগম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। কর্মরত অবস্থায় কোনো সহকর্মীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবে সিসিক সবসময় কর্মচারীদের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে তাদের পরিবারের পাশে থাকবে।

তিনি আরও বলেন, কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ সুরক্ষা করা সিসিকের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে নগরবাসীর সেবায় কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা সবাই নগরবাসীর সেবক। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সেবার মান যত উন্নত হবে, সিসিকের ভাবমূর্তিও তত উজ্জ্বল হবে।’

তিনি জানান, ভবিষ্যতেও কর্মচারীদের যৌক্তিক দাবি ও কল্যাণের বিষয়ে সিসিক ইতিবাচক ভূমিকা পালন করবে। অবসর গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক বিদায় সংবর্ধনার পাশাপাশি এককালীন আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থাও করা হবে। এছাড়া অস্থায়ীভাবে কর্মরত কোনো কর্মচারী দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় পড়লে বা মৃত্যুবরণ করলে মানবিক দিক বিবেচনায় তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজ আলী, মো. ফয়জুর রহমান ও মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ