জৈন্তাপুরে ৭০ বোতল বেদেশি মদ জব্দ করেছে পুলিশ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদগুলো বহন কাজে ব্যবহৃত একটি এইস পিকআপও জব্দ করা হয়।
সোমবার (৬ নভেম্বর) রাত ১০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ডিবির হাওর কদমখাল এলাকায় অভিযান চালিয়ে মদের চালান ও পিকআপ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কদমখাল গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সামনে কাঁচা রাস্তায় উপরে একটা এইস পিকআপ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে অফিসার চয়েস পেজটিজ, উইসকি, ব্ল্যান্ডার প্রাইড ব্রান্ডের বিদেশি মদ ছিল। মদগুলো গাড়ির ড্রাইভিং সিটের পাশে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ১ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলমান বলে জানান তিনি।
জৈন্তাবার্তা/এমকে




