তৃতীয় দফার দ্বিতীয় দিনের অবরোধে জিন্দাবাজারের চিত্র
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ২ দিনের অবরোধের শেষ দিনেও সিলেটে দেখা যায়নি কোন প্রভাব।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়ক সহ নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও স্বল্পসংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে, গণপরিবহন কম থাকায় ভোগান্তি বাড়ছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষের।
সরেজমিনে গিয়ে, সড়ক-মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে।নগরীর কাজিবাজার, বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, মদীনা মার্কেট, টিলাগড়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকায় যানজট লেগে থাকতে দেখা গেছে। খোলা রয়েছে অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান।
মহাসড়কে ও নগরের বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিকে অবরোধের সমর্থনে ভোরে দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তবে কোথায় নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। যদিও গতকাল সন্ধ্যায় অবরোধের সমর্থনে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।
এদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা। কোথাও কোনো ধরণের তৎপরতা দেখা গেলে তাৎক্ষনিক অ্যাকশন নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
JA




