সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ছবি : জৈন্তা বার্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন আমনের মাঠে অল্প সংখ্যক জমিতে ধান কাটা শুরু হয়। নভেম্বরে ১৫ তারিখ পরে পুরোদমে ধান কাটার ধুম পড়বে।
কৃষকের সবচেয়ে আনন্দের মুহূর্ত ঘাম ঝরা পরিশ্রমের ফসল ঘরে তোলা। ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড় রোগবালাইসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সবসময়ই এক ধরনের শঙ্কায় থাকতে হয় কৃষকের। যখন ফসল ঘরে তোলা শুরু হয়, সে সময়টাই যেন কৃষকের সবচেয়ে বড় সার্থকতা। এখন চলছে আমন মৌসুমের ধান কর্তনের সময়।
প্রান্তিক কৃষক ও বর্গাচাষিদের বাড়ির মজুদকৃত ধান শেষ হয়ে যায় বলে তারাও এ সময়ে অভাবে থাকেন। আমন ধান রোপণ শেষে কর্মহীন থাকা প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকদের পরিবারে ফিরছে স্বস্তি ।
বৃহস্পতিবার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আমন মাঠে কৃষকরা মনের আনন্দে ধান কাটতে দেখা যায়। এ সময় ধান কাটতে আসা কৃষক ও শ্রমিকরা জানান, অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। কারণ হিসেবে তারা বলেন, এবার নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় জমিতে বাম্পার ফলন হয়েছে। তাই জমিতে বেশি ফলন পেয়ে বেজায় খুশি।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি জানান, এবার উপজেলায় রোপা আমন আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৮৩৩ হেক্টর জমি। তবে আমাদের পরামর্শ ও সরকারি বিভিন্ন উপ-করণ সহায়তা পেয়ে কৃষক ভাইয়েরা এবার জমি আবাদে ঝাঁপিয়ে পড়েন। যে কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৭ হাজার ৮৩৫ হেক্টর জমি। এবার প্রকৃতি অনুকূলে থাকায় জমিতে বাম্পার ফলন হয়েছে। আশা করছি, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক ফসল কৃষকদের গোলায় উঠবে। এর মধ্যে গত প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন আমনের মাঠে অল্পঅল্প জমিতে ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হবে আগামী সপ্তাহে।
JA




