যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ PM

যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ১০:৩৪:০৩ PM

যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

সংগৃহীত


বিরোধী দলের উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যারা দুঃস্বপ্ন দেখছেন বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তাদের জানার জন্য বলি, বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের জন্য বলি, গণতন্ত্রের ভাষায় কথা বলুন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আত্মসমর্পণ করার দল না। শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই।

জাহিদ হোসেন বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি হলো জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অপেক্ষা করুন জনগণের কাছে যান, জনগণই আবার পুনরায় যাকে রায় দিবে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে।’

বিরোধী দলের উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সাথে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, বিএনপির সিনিয়ার সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রমুখ।



জৈন্তাবার্তা/ সুলতানা