জৈন্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে আমন কাটার উদ্বোধন
চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলায় আমন পাকাধান কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটার কাজের উদ্বোধন করা হয়েছে। তুলনামুলক অনেক কম খরচে, কম সময়ে ধান কাটা একই সাথে ধান মাড়াই ও প্যাকেজিং করে স্বল্প সময়ে বাজারজাত করার লক্ষ্যে কৃষক পর্যায়ে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়েছে এই কম্বাইন হারভেস্টার।
শনিবার ( ১১ই নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে চলতি মৌসুমে শুরু হয় ধান কাটা। প্রথম দিনে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ২ নং লক্ষিপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলামের আমন ফসলের জমিতে মেশিনের মাধ্যমে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ - পরিচালক (শস্য) দেবল সরকার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, স্হানীয় ইউ পি সদস্য নজির আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ স্হানীয় আমন চাষীরা।
কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা ও মাড়াই কাজ সম্পন্ন করতে পারে। জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষক পর্যায়ে এখন পর্যন্ত ভূর্তুকি মূল্যে ছোট বড় ৩২টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ১১ হাজার ১শত ৯৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। যার মধ্যে উচ্চ ফলনশীল জাতের ধান রয়েছে ৮ হাজার ৮ শত ৯০ হেক্টর জমিতে।
এছাড়াও স্হানীয় জাতের ধান চাষ হয়েছে ২ হাজার ২ শত ৮০ হেক্টর ও হাউব্রীড জাতের ধান ২৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এবং গত অক্টোবরে স্বল্প সময়ে পাহাড়ি ঢলে কিছু ধান তলিয়ে গেলেও উল্ল্যেখযোগ্য তেমন ক্ষতি না থাকায় কাঙ্ক্ষিত লক্ষমাত্রা অর্জনের আশাবাদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে আমন উৎপাদন লক্ষমাত্রা ধার্য করা হয়েছে ( চাল হিসেবে) উচ্চ ফলনশীল জাতের হেক্টর প্রতি ২ দশমিক ৮২ মেট্রিকটন। সেই সাথে স্হানীয় জাতে হেক্টর প্রতি লক্ষমাত্রা ১ দশমিক ৫০ মেট্রিকটন ও হাইব্রিড জাতে হেক্টর প্রতি ৩ দশমিক ১০ মেট্রিকটন।
JA




