সিলেটে দিবারাত্রি ধরপাকড়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটে দিবারাত্রি ধরপাকড়

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৬:৩২:০৪ পূর্বাহ্ন

সিলেটে দিবারাত্রি ধরপাকড়

প্রতিকী ছবি


সিলেটে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের দিবারাত্রী ধরপাকড় অভিযান অব্যাহত থাকায় হাজার-হাজার নেতাকর্মী ঘরছাড়া। শুধু ঘরছাড়া নয় গ্রেপ্তার এড়াতে ফসলের মাঠ, বনে-বাদারসহ নানা অবাসযোগ্য জায়গায় বিএনপির নেতা-কর্মীদের আশ্রয় নিতে হচ্ছে। 

গত ২৮ অক্টোবর ৯ নভেম্বর পর্যন্ত সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। এরমধ্যে ১২ দিনের মহানগরের ৬ থানায় ১৭টি মামলা করা হয়েছে। দুটি বাদে সব কটি মামলা করেছে পুলিশ। মামলায় প্রায় ৩ হাজার আসামি আছেন। হরতাল অবরোধে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৬০ নেতাকর্মীকে। 

মামলাগুলোতে জেলা বিএনপি, থানা এবং পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদেরকেও আসামি করা হয়েছ। ২০টি মামলায় ৩৮৬ জনের নেতাকর্মীর নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত আসামি করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে।

যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, আওয়ামী লীগ নেতাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে। এসব মামলার মধ্যে ১৮টির বাদী পুলিশ এবং অপর দুইটির বাদী অজ্ঞাত।

বিএনপি নেতারা এসব মামলাকে গায়েবি মামলা হিসেবে উল্লেখ করে বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে এবং গাড়িতে আগুন দিয়ে এসব গায়েবি মামলা সৃষ্টি করেছে পুলিশ।

আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের নামে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একের পর এক মামলা এবং গ্রেফতার আতঙ্কে কয়েক হাজার নেতাকর্মী বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং পুলিশের গায়েবি মামলায় গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা দলীয় কার্যলয়েও যেতে পারছে না।

নাম প্রকাশ না করা শর্তে সিনিয়র নেতা বলেন, বাড়িতে থাকলে পুলিশ আমাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। এজন্য এখন আর আমরা কেউ বাসা-বাড়িতে থাকি না। ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িতে না থেকে নিরাপদে অবস্থান করে দলীয় কার্যক্রমে অংশ নিতে বলেছি।

জানা যায়, হরতালের দিন থেকেই সিলেটের রাজপথে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি সংঘবদ্ধ অবস্থায় না থাকলেও বিচ্ছিন্নভাবে জেলা ও মহানগরসহ বিভিন্ন ইউনিটের সদস্য কর্মসূচি পালন করে যাচ্ছেন। এসব কর্মসূচি পালন করতে গিয়ে তারা কখনো পুলিশের সাথে, আবার কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছে। এতে মামলা হচ্ছে তাদের ওপর।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে। এর মধ্যে নগর ও জেলায় সমান সমান মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে নাম উল্লেখ করে আবার কোনো কোনোটিতে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এসব মামলায় ৩ হাজার নেতা-কর্মীকে আসামি করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।

তিনি আরো বলেন, মামলা হয়ে তো শেষ নয়। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে পুলিশ। নেতাদের না পেয়ে তার পরিবারের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। কখনো পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। অব্যাহত মামলা দায়েরের পর সিলেট বিএনপির নেতাকর্মীরা বাড়িছাড়া রয়েছেন। রাতে কেউ বাসা কিংবা বাড়িতে থাকেন না। তবে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ালেও নেতা-কর্মীরা কর্মসূচি পালনে সক্রিয় রয়েছেন। সরকার আমাদের যতই হয়রানি করুক না কেন আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। এই ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারের ভেতর প্রতিটি ভবনের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দিকে রাখা যায় না সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দিকে রাখা হচ্ছে। পতনোন্মুখ ফ্যাসিস্ট সরকার শুরু করেছে শেষ তাণ্ডব। এসব করে ঠেকানো যাবে না গণ-জোয়ারের ঢেউ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মিয়া বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করতে পারে আমরা শুধু তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কাউকে অহেতুক হয়রানি করছি না।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম জানান, বিএনপির নিরীহ কোন কর্মীর নামে মামলা দেওয়া হয়নি। নাশকতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারেই কেবল অভিযান চালাচ্ছে। কোনো নিরীহ বা নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। ভয়ভীতি বা আতঙ্ক তৈরি করা পুলিশের কাজ নয়। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তৎপর আছে। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী