গোলাপগঞ্জে সড়কের দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার, ব্যবসায়ীর ওপর হা/মলার অভিযোগ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সড়কের দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার, ব্যবসায়ীর ওপর হা/মলার অভিযোগ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৯:৪৭:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে সড়কের দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার, ব্যবসায়ীর ওপর হা/মলার অভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে কুড়া নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোও বেহাল। এসব জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর সংযোগ সড়কসংলগ্ন উত্তর আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এ পরিস্থিতি তুলে ধরতে শনিবার সকালে ঘটনাস্থলে যায় আরটিভির একটি প্রতিনিধি দল। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির হোসাইন সড়কের বেহাল দশা এবং এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে সাক্ষাৎকার দেন।

অভিযোগ অনুযায়ী, সাক্ষাৎকার দেওয়ার পরপরই কয়েকজন ব্যক্তি দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে জাকির হোসাইনকে ‘তুই এখানে কেন?’ বলে প্রশ্ন করেন। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর হামলা চালান। এ সময় স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তাঁরা তাঁর কথায় কর্ণপাত করেননি।

হামলার একপর্যায়ে এক ব্যক্তি ধারালো দা দিয়ে জাকিরের মাথার সামনের অংশে আঘাত করেন। এতে তাঁর মাথা কেটে গুরুতর জখম হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসাইন গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ‘এ ঘটনা আমি শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক