মহাজোট থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার কি থাকবেন? যদি না থাকেন তাহলে আওয়ামী লীগ থেকে নতুন মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ড. আহমদ আল কবির, অ্যাডভোকেট মোশতাক আহমেদের মধ্যে কেউ কি আসবেন? নাকি লন্ডন থেকে অদৃশ্য শক্তির বলে কেউ নিয়ে আসছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকেট।
এদিকে প্রতিবার নির্বাচন এলে মহাজোট থেকে আল ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নাম আলোচনায় আসে। নৌকার মনোনয়ন প্রত্যাশীগণ তাঁকে ফ্যাক্টর হিসেবে দেখেন। যদিও নির্বাচন নিয়ে আল ইসলাহের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না, তবে শেষ মুহূর্তে টিকেট কিনলে এটাকে চমক বলা যেতে পারে।
জাতীয় পার্টি মহাজোটে না থাকলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ বা অন্য কেউও পেতে পারেন টিকেট। সাবেক এমপি সেলিম উদ্দিনও আসনটি চেয়ে বসতে পারেন।
বিএনপি ভোটের মাঠে নেই কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, শেষ মুহুর্তে নির্বাচনে যায় তাহলে বিএনপি বা ২০দলীয় জোটের টিকেট কে পাবেন তা নিয়েও আলোচনার ঝড় বইছে। আলোচনায় আছেন সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর ভাই কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরীর নাম। জোটের অন্য শরীক গতবারের এমপি পদপ্রার্থী জমিয়তের উবায়দুল্লাহ ফারুকও রয়েছেন ২০দলীয় জোটের আলোচনায়।
এদিকে প্রথম দিনে মোট এক হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, এর মধ্যে সরাসরি ফরম সংগ্রহ করেন এক হাজার ৬০ জন, বাকি ১৪ জন অনলাইনে।
ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বিভাগওয়ারি হিসাবে, শনিবার সরাসরি ফরম নেন ঢাকা বিভাগের ২১৪ জন, চট্টগ্রামের ২০১ জন, ময়মনসিংহের ১০৫ জন, সিলেটের ৫৫ জন, খুলনার ১২৫ জন, বরিশালের ৭৫ জন, রংপুরের ১০৯ জন এবং রাজশাহী বিভাগে ১৭৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়ন প্রত্যাশীদের কাছে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এবার দলটি মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে।
JA




