সিলেটের দক্ষিণ সুরমা লাউয়াই এলাকার চিত্র।
বিএনপি ও জামায়াতের ডাকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল দক্ষিণ সুরমায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় দোকানপাট খুললেও দূরপাল্লার বাস তেমন একটা চলাচল করতে দেখা যায় নি। তবে ছোট ছোট যানবাহন রাস্তায় প্রচুর দেখা গেছে। সকাল থেকেই সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা সহ অন্যান্য যানবাহন চলছে বিভিন্ন রোডে।
সরেজমিনে, সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার ও সিলেট ফেঞ্চুগঞ্জ সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম দেখা গেছে। এছাড়া দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন ধরনের মার্কেট বিপণীবিতান খোলা রয়েছে।
তবে, দক্ষিণ সুরমার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল দেখা গেলেও বিএনপির নেতাকর্মীরা দুয়েক জায়গায় পিকেটিং ও গাড়ি ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে।
৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার সিলেট-সুলতানপুর সড়কের বটতলা এলাকা, জালালপুর-মোগলাবাজার সড়ক ও বঙ্গবীর রোডের লাউয়াই এলাকায় ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেন বিএনপির নেতাকর্মীরা। তবে প্রত্যেকটি এলাকায় তারা ৪/৫ মিনিটের মধ্যে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে সটকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর পুলিশ এসে এলাকার পরিস্থতি স্বাভাবিক করে।
JA




