জৈন্তাপুর কার ওয়াশিং সেন্টারের সাথে জড়িত ব্যবসা ও সেন্টারকে কেন্দ্র করে এর আশপাশে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে স্বাবলম্বী প্রায় ৫০ টি পরিবার।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ঘাটেরচটি থেকে আলুবাগান এই পুরো অংশটি জৈন্তাপুর ভূখণ্ডে। সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন পয়েন্টে বিক্ষিপ্তভাবে দু একটা কার ওয়াশ সেন্টার থাকলেও সবচেয়ে বেশী সেন্টার হলো জৈন্তাপুর চাঙ্গিল কমদখাল এলাকায়।
এই এলাকায় জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে প্রায় দশটি কার ওয়াশিং সেন্টার রয়েছে। মূলত মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা কদমখালের পানি ও অপেক্ষাকৃত কম যানজট হওয়ায় এই জায়গাটি কার ওয়াশ সেন্টারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।
কার ওয়াশের পাশাপাশি এখানে প্রায় ১৫/২০ জন যুবক গ্রিজ লাগানো ব্যবসার কাজে জড়িত। গাড়ি ধৌত করার পরে গ্রিজ লাগানো একটি মৌলিক কাজ হওয়ায় এই পেশার চাহিদা কদমকাল এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও সকাল থেকে সন্ধ্যা অবধি গাড়ির ধোয়ার কাজ চলমান থাকায় কদমখালের আশপাশে গড়ে উঠেছে হোটেল টি স্টলের মত অসংখ্য ছোট বড় দোকান। এই সমস্ত কার ওয়াশ সেন্টার, গ্রিজের কাজ ও ছোটবড় দোকান মিলিয়ে ব্যবসায়ী কর্মচারীদের প্রায় ৫০ টি পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
আজ থেকে বছর পাঁচেক আগেও এই কদমখাল থাকতো নির্জন সন্ধ্যা হলে থাকতো নিরবতা। কিন্তু এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় থাকে কর্মচাঞ্চল্য।
কদমখাল এলাকার কারওয়াশ ব্যবসায়ী আবদুল মতিন বলেন, গত বছর থেকে তিনি এই ব্যবসায় জড়িত হয়েছেন। নতুন বিধায় তিনি একটু দূরে হওয়ায় গাড়ি তুলনামূলক কম পান৷ তারপরেও কর্মচারী ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে ৭০০/৮০০ টাকা উপার্জন করতে পারেন।
ওপর ব্যবসায়ী বশির ও শুক্কুর তারা দুইভাই। এক সঙ্গে তারা প্রতিদিন কাজ করে সব খরচ বাদ দিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা উপার্জন করতে পারেন। তবে হরতাল অবরোধের কারণে বর্তমানে গাড়ি কিছুটা কম।
তারা জানান প্রতিটি ট্রাকে ৩০০টাকা, কার নোহা ২০০ এবং মোটরসাইকেল ওয়াশে ১০০ টাকা করে নেন। তবে বেশির ভাগ গাড়ির মধ্যে ট্রাকের সংখ্যাটা বেশি। তারা বলেন বর্তমানে কিছু আন্তঃজেলা ট্রাক চালকেরা জৈন্তাপুর আসার পর ফোন করে শিডিউল রাখেন। এছাড়াও জাফলং, আলুবাগান, আসামপাড়া, ৪ নং বাংলা বাজার থেকে পাথর লোড শেষ হওয়ার ঘন্টা খানেক পূর্বে তারা ফোন দেন।
রাজধানী ঢাকার শ্যামপুর এলাকার সাবরিন ট্রান্সপোর্টের ট্রাক চালক বাদশা মিয়া বলেন, তিনি প্রতি সপ্তাহে কমপক্ষে ২/৩ বার পাথর পরিবহন করতে জৈন্তাপুর জাফলং এলাকায় আসেন। প্রতিবার কদমখাল এলাকায় গাড়ি ওয়াশিং ও গ্রিজ কাজে লাগিয়ে তিনি ও গাড়ির হেলপার গোসলসহ দুপুরের খাবার চাঙ্গিলে সেরে নেন। এই এলাকায় ওয়াশিং সেন্টার গুলো হওয়ায় তাদের দূরপাল্লার ট্রাক চালকেরা উপকৃত হচ্ছেন বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/এমকে




