নগরীর আম্বরখানা পয়েন্টে তীব্র যানজটে জনগণের ভোগান্তি। ছবি: জৈন্তা বার্তা
প্রতিদিন খবর লিখি, রিপোর্ট লিখি, ঘটনা দুর্ঘটনার আদ্যপান্থ জানাই। আজ বাধ্য হলাম ভিন্ন প্রসঙ্গে ভিন্ন আঙ্গিকে কিছু লিখতে। এই কথাগুলো যখন লিখছি বুধবার (২২ নভেম্বর) তখন রাত প্রায় ৯ টা বাজে। সন্ধ্যা থেকে ৯ টার মধ্যে মোট সময়ের প্রায় দেড়ঘন্টা সড়কেই কাটলো। শেখঘাট সুরমা ব্রিজের জিতু মিয়ার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পাড়ি দিতে আমার দেড় ঘন্টা সময় অতিরিক্ত লেগেছে। মাঝখানে ঘন্টা খানেক ছিলাম সড়কের বাইরে। এই সময়ে এই সড়কে যানজটে আটকে পড়া মানুষের আহাজারি, ছটফটানি আমাকে লিখতে বাধ্য করছে। এই লিখা ক’জন পড়বেন, বা কি উপকারে আসবে সেটি জানিনা। মনের টান থেকেই লিখছি। না লিখলে মন শান্ত হবেনা। মোটর সাইকেল নিয়ে গোটা সময়টাতেই সড়কে আটকা ছিলাম। প্রাইভেট কার, মাইক্রোবাস,এ্যাম্বুলেন্স, সিএনজি অটোরকিশা,ট্রাক, ময়লা বাহী গাড়ি পেছনে টায় দাড়িয়ে থাকতে হয়েছে। কিছুক্ষণ পর পর আমাকে মোটর সাইকেলে স্টার্ট বন্ধ রাখতে হয়েছে। কতক্ষণ তেল জ্বালিয়ে গাড়ি দাড় করিয়ে রাখা যায়। লিটার প্রতি ৭ টাকা যে তেলের দাম ছিলো। এক লিটার তেলের দাম এখন ১৩০ টাকা। আশপাশে অনেকেই গাড়ির স্টার্ট বন্ধ করেন, আমিও বন্ধ করি। এভাবেই এক শ্বাস রুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে অসংখ্য নারী পুরুষ আর শিশুকে সময় পার করতে হয়েছে। আশপাশে গাড়িতে থাকা রোগী, নারী পুরুষ কি অসহায়ভাবে ছটফট করলেন তা স্ব চক্ষে দেখলাম নিজে যানজটে আটকা পড়ার কারণে। তখন মনে হলো এই নগরের এই হাল এমন কেন? আমরা কি সত্যিই অভিভাবকহীন হয়ে পড়লাম। কার কাছে কাছে জানাব, কাকে বলব? কে দেবে এ সমস্যার তাৎক্ষনিক সমাধান।
অফিসে এসে খোঁজ নিলাম। জানলাম অবরোধের কারণে সড়কে ট্রাফিক পুলিশ থাকেন না। তাই বলে নগরবাসীর এমন হাল হবে! হরতাল অবরোধে গাড়ি বের হয় কম। কিন্তু প্রয়োজনতো মানুষকে ঘরে আটকাতে পারেনা। এর উপর আছে নানা মুখি শংকা। এ কারণে বুধবার বিকেল থেকেই নগরীর সবকটি সড়কে একই অবস্থা। সড়কে শুধূ গাড়ি আর গাড়ি। আন্তঃজেলা সড়ক বাদে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘন্টার পর ঘন্টা স্থবির ছিলো যানজটে। সন্ধ্যার পর নগরের সোবহানিঘাট-উপশহর সড়কের কি অবস্থা ছিলো সেটি জৈন্তা বার্তার পেইজে লাইভ দেখলাম। আর আমি নিজে স্বাক্ষী হলাম সিলেট নগরের শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে শুরু করে লামাবাজার, রিকাবীবাজার পয়েন্ট চৌহাট্টা পর্যন্ত। পুরো সড়ক জুড়েই ছিলো যানজট। রিকাবীবাজার পয়েন্টের কিছু অংশ বাদে এ সড়কের পুরোটাই ছিলো প্রায় ছবির। ৪/৫টি পয়েন্টের কোথাও কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। সড়কের দু পাশের দোকানদার, কর্মচারী আর কিছু মহৎপ্রাণ পথচারীর নিরন্তর প্রচেষ্টায় মাঝে মধ্যে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন যানজটে আটকে পড়া মানুষজন আর যানবাহন।
কিন্তু কেন এই অবস্থা? হরতাল অবরোধে যেমন পুলিশসহ আইনশৃংখলা বাহিনী সড়কে থাকে তেমনি ট্রাফিক পুলিশকেও আমরা সড়কে চাই। প্রশাসনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে হরতাল হোক, অবরোধ হোক আপনারা গাড়ি নিয়ে বের হোন। আমরা নিরাপত্তা দেব। নিরাপত্তা তারা দেবেন। কিন্তু মানুষকে গাড়ি নিয়ে বের করে যদি তাদের নিরাপত্তা, আর চলাচলের পরিবেশ দিতে পারেন না তবে কেন এই আহবান জানান। আটকে পড়া কষ্টে থাকা মানুষ আহাজারি করেছে। অভিশাপ দিয়েছে। সড়কে রোগীরা এ্যাম্বুলেন্সের ভেতরে ছটফট করেছে। কোনো এ্যাম্বুলন্সে নিথর দেহের পাশে থাকা মানুষগুলো চোখের চল ফেলেছে অসহায় হয়ে। আর কখনও আটকে পড়া গাড়ি থেকে রোগীকে নামিয়ে নিতে দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে মানুষ দীর্ঘশ্বাস ছেড়েছে। আমি নিশ্চিত সেই দীর্ঘশ্বাসে অভিশাপ ছিলো। আর সেই অভিশাপ তাদের উপর পড়বে-এই নগরের মানুষদের যারা শান্তি দেয়ার কথা। যারা স্বস্থি দেয়ার দায়িত্বে রয়েছেন।
কেন এমন শক্ত কথা লিখলাম হয়তো অনেকেই আমাকে নিয়ে ভাবছেন। না,ভাববেন না । আমি এরকমই। এসব ঘটনাই আমার হৃদয়ে প্রতিদিন নাড়া দেয়। একটা ঘটনা বলি। ক’ দিন আগে আমার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে সামি’কে নিয়ে লামাবাজার সড়ক দিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিলাম। তখনও যানজট ছিলো। আর আমাদের পেছনে একটা এ্যাম্বুলেন্স সাইরেন বাজাচ্ছিল। তখন আমার ছেলে সামি বলল ‘আব্বু গাড়ি সাইট করেন। এ্যাম্বুলেন্সে মনে হয় রোগী। আমার ডানে বামে যা অবস্থা এমনিতেই ত্রাহি দশা। তবু পুত্রের কথায় সম্বিত ফিরে পেলাম। আমি তার কথা মতো কোনো রকম রাস্তার পাশে যাই। কিন্তু অন্য গাড়িগেুলো ঠিক মতোই চলছিলো। আর সাইরেন বাজছিলোই। ঐ এ্যাম্বুলেন্সটি আমাকে অতিক্রম করার সময় দেখলাম গাড়ির ভেতরে রোগী। আর হাত পাখা দিয়ে বাতাস করছিলেন স্বজনরা। তখনও সড়কের গাড়িগুলো কোনো কিনার লাগেনি। আমার ছেলেটি আবার বলল আব্বু মানুষগুলো এমন কেনো? এ্যাম্বুলেন্সের আওয়াজও কি শুনেন না। ট্রাফিক পুলিশও কি দেখেনা। আমি তখন নিরুত্তর হয়ে রইলাম। ছেলের মনটা তখন বিষন্ন। কোনো কথা বলছেনা। আমি বুঝতে পারি। তখন তাকে বললাম ‘কে সাইট দিল-আর কে সাইট দিলোনা সেটা ভেবে লাভ নেই। তুমি কয়টা গাড়ি ক্লিয়ার করবে। যেখানেই থাকো এভাবে নিজের দায়িত্বটা পালন করবে। কারণ আজ অন্যের এ্যাম্বুলেন্সের রাস্তা তুমি ছেড়ে দিয়েছো, কোনো একদিন হয়তো তোমার বাপের এ্যাম্বুলেন্সটাকেও এভাবে কেউ না কেউ পার করে দেবে।
নগর কর্তাদের শুধু এটুকুই বলবো, অসহায় মানুষগলো যখন রাস্তায় ছটফট করছিলো তখন হয়তো আপনারা তাদেরই টাকায় কেনা এয়ার কন্ডিশন রুমে বসে ছিলেন। মনে রাখবেন, এভাবে কারোই দিন যায়না। সময় সবার জন্য এমন সময় আসে। সেই দিনটার কথা ভেবে হলেও মানুষের জন্য কাজ করুন। উপলব্ধি করুন। নগরবাসীকে বাঁচান। মানুষকে বাঁচান। দুর্ভোগের হাত থেকে রেহাই দিন।
লেখক: নির্বাহী সম্পাদক, দৈনিক জৈন্তা বার্তা
JA




