গোয়াইনঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আল্লাহর গুণবাচক নাম। ছবি: জৈন্তা বার্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কটি সবসময় গাড়ি ও মানুষ চলাচলে ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট-বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহ্ তাআলার গুণবাচক নামের জিকির।এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজরে পড়ে।
সড়কের দুই পাশের অনেক গাছে মহান আল্লাহর গুণবাচক নাম সম্বলিত বোর্ড পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। বোর্ডে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুণবাচক নাম। বিভিন্ন ইসলামি সংগঠন ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের সৌজন্যে এসব গুণবাচক নাম নেমপ্লেট আকারে গাছে গাছে সাঁটানো রয়েছে।শুধু যে প্রধান সড়কে তাই নয়, বিভিন্ন গ্রামীণ পাকা আধা পাকা রাস্তার ভিতর দিয়ে স্থানীয়ভাবে থাকা ইসলামিক সংগঠন গুলোর সৌজন্যে দেয়া এসব আল্লাহর গুণবাচক নামের প্লেট দেখা যায়।
নওয়াগাঁও কওমি মাদ্রাসার মুহতামিম হাফিজ নেছার আহমদ বলেন, গাছে গাছে আল্লাহ্র তাসবী টানানো হয়েছে এটা ভালো কাজ। এর মাধ্যমে একজন পথচারী রাস্তায় চলাচলের সময় ঐ লেখা দেখে পড়বে এবং সওয়াব পাবে। যারা এই উদ্যোগ নিয়েছেন তারাও সওয়াব পাবেন এই মহতী উদ্যোগের জন্য।
বাংলাদেশ তালামীযে ইসলামিয়া সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ গোলজার আহমদ বলেন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহ্র নাম স্মরণ রাখা দরকার। চলার পথে মানুষ যেনো আল্লাহ্র নাম ভুলে না যায়, তাই এধরনের ব্যবস্থা উত্তম একটি কাজ। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে। যারাই এই কাজের সাথে জড়িত তারা অবশ্যই একটি মহৎ কাজ করছেন।এমনও হতে পারে এই জিকিরের বদৌলতে আল্লাহতালা যেকোন বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন।জিকিরটি দেখা মাত্র মুসলমান হিসাবে সে একবার পড়বে আবার এই জিকির তার ক্বলবে জারি রাখার চেষ্টা করবে।
নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ এহসানুল হক বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহ্র জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। চলাচলের সময় লেখাগুলো দেখে আল্লাহ্র নাম আমরা স্মরণ করতে পারি।
JA




