এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজ গোয়াইনঘাট উপজেলার সেরা ও সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। এ কলেজে এবারের পাশের হার ৮৩ দশমীক ৫৮%। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎফুল্ল। এ ফলাফল ভবিষ্যতে উৎসাহ যোগাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
সংশ্লিষ্টরা জানান, এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশের মতো গোয়াইনঘাটেও পাশের হার কমেছে।
কলেজটি থেকে এবার ৩৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ করে ৩১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, আমরা নিজস্ব জায়গায় ভবন করে মানসম্মত শিক্ষক দিয়ে কলেজ পরিচালনা করে থাকি। এখানে প্রত্যেকটি পরীক্ষার্থীকে নিবিড় যত্ন নেন শিক্ষকরা। বেসরকারি পর্যায়ে ফলাফলে কম সময়ে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।
দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, নতুন কলেজ হিসেবে এবার ভাল ফলাফল করে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে সেরা হয়েছে। অন্য সরকারি কলেজগুলোতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তি হয়। কিন্তু নতুন কলেজ হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত খারাপ ছাত্ররাই এখানে ভর্তি হয়। এই ফলাফলে আমরা অনেক খুশি।
জৈন্তাবার্তা/এমকে




