বিএনপির মশাল মিছিল থেকে এম্বুলেন্স ভাংচুর হওয়ার চিত্র।
রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসাবে সিলেট নগরীর সুবিদবাজার মোড় এলাকায় রাতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় সকালে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ নভেম্বর) ভোর সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি অটোরিকশাতে আগুন লাগানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রোববার রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার দিক থেকে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি সুবিদবাজার মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পাঠানটুলা এলাকার দিক থেকে আম্বরখানাগামী একটি অ্যাম্বুলেন্স ভাংচুর ও কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর ঘটনাস্থলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেয়।
জৈন্তাবার্তা/জেএ




