পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এরই মধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। এ ছাড়া সিলেট-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বাবুল।
পররাষ্ট্রমন্ত্রীর সিলেট-১ আসনে ভোট করতে সোমবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিসবাহ উদ্দিন সিরাজ। পাশাপাশি সিলেট-৩ আসনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি সিলেট-১ ও সিলেট-৩ দুটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে একটি আসন থেকে নির্বাচন করব।
মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৮ সাল পর্যন্ত দুই দফায় এ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম জাতীয় সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হন সিরাজ।পরের দুই কাউন্সিলেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন।
এর আগে গতকরোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। তবে এবার নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিতদেরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বাধা নেই বলে গ্রিন সিগন্যাল দিয়েছে দলটি।
জৈন্তাবার্তা/জেএ




