মৌলভীবাজারে এসএসসি পরীক্ষা দিতে পারল না ৪ পরীক্ষার্থী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

অটোরিকশা নষ্ট

মৌলভীবাজারে এসএসসি পরীক্ষা দিতে পারল না ৪ পরীক্ষার্থী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৪:৩০:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে এসএসসি পরীক্ষা দিতে পারল না ৪ পরীক্ষার্থী

ফাইল ছবি


সড়কে অটোরিকশা নষ্ট হয়ে যাওয়ায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি চার পরীক্ষার্থী। 

তারা হচ্ছে- আঁখি দেব পূর্ণিমা, অর্ণা দেব, শরবনি রাণী দেব ও বৈশাখি রাণী দেব।

ভুক্তভোগীদের দাবি- বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর তাদের সিএনজিচালিত অটোরিকশা মাঝপথে নষ্ট হয়ে যায়। তাদের সাথে কোনো অভিভাবক ছিলেন না। চালক এই হচ্ছে করে করে এক ঘণ্টা দেরি করে। গাড়ি ঠিক হওয়ার পরে কেন্দ্রে গেলে স্যাররা তাদের হলে ঢুকতে দেননি। কান্নাকাটি ও অনুনয় বিনয়েও কোনো কাজ হয়নি।

ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাদের অভিভাবক সূত্রে জানা গেছে, কুলাউড়া এনসি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আঁখি দেব পূর্ণিমা, অর্ণা দেব, শরবনি রাণী দেব ও বৈশাখি রাণী দেবের বাড়ি উত্তর কৌলা গ্রামের ভেতরে। ১৫ ফেব্রুয়ারি থেকে তারা একটি অটোরিকশায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে সাত নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে।

রোববারের (৩ মার্চ)  ইতিহাস বিষয়ের পরীক্ষা দিতে তারা চারজন বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশায় উঠে। রাস্তায় হঠাৎ অটোরিকশাটি নষ্ট হয়ে যায়। এটা ঠিক করতে চালকের এক ঘণ্টার মতো সময় লেগে যায়। আরও কিছু সময় পর তারা কেন্দ্রে গেলে কক্ষ পরিদর্শকরা তাদের হলে ঢুকতে দেননি। তখন তারা ছুটে যায় কেন্দ্র সচিব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার সফিকুর রহমানের কাছে। ইতিহাস বিষয়ের একটি পার্টের পরীক্ষা শেষ হয়ে গেছে জানিয়ে তারা তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেননি। এ সময় তারা বিপর্যস্ত হয়ে পড়ে। অবশেষে বাড়ি ফিরে যায়।

কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, প্রায় দেড় ঘণ্টা পরে এই চার পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ের অবজেক্টিভ পার্টের পরীক্ষা শেষ হয়ে গেছে। শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির সব তথ্যও বোর্ডে প্রেরণ হয়ে গেছে। এ অবস্থায় তাদের প্রতি মানবিকতা দেখানোর কোনো সুযোগ ছিল না। ইউএনওর পরামর্শক্রমে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: