জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ১০:১৩:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক বিরোধের জেরে ডোবা থেকে মাছ চুরি, মাছ ধরতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি এবং গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার এরালিয়া বাজার এলাকা থেকে মো. আলী হোসেন (৫০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার আলী হোসেন উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত কাপ্তান আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এফআইআর নম্বর-৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৯-এর প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাঁকে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, বাদী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৬ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আলী হোসেনসহ এজাহারনামীয় অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর মালিকানাধীন নলিশা ডোবায় প্রবেশ করেন। এ সময় তাঁরা পানি সেচের মেশিন বসিয়ে ডোবার পাড়ের গাছ কেটে আনুমানিক সাত হাজার টাকার ক্ষতিসাধন করেন।

পরে সাক্ষীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাদী দেখতে পান, আসামিরা ডোবা থেকে পানি সেচে জাল দিয়ে মাছ ধরছেন। এতে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ডোবা থেকে আনুমানিক ৩০ হাজার টাকার ছোট-বড় মাছ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ৯ নভেম্বর রাতে আসামিরা ডোবায় বিষ প্রয়োগ করে অবশিষ্ট মাছ ধরে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, মামলার প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আলী হোসেনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কাটা গাছের টুকরা ও পানি সেচের মেশিন জব্দ করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ