জৈন্তাপুর সাপ্তাহিক হাঁটে মাছ বেচাকেনার চিত্র - জৈন্তা বার্তা
পবিত্র রমজান মাস হওয়ায় জৈন্তাপুর উপজেলায় সবজী ও মাছের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ব্রয়লার মুরগী ও মাংসের বাজারে রয়েছে অস্থিরতা।
বুধবার (১৩ মার্চ) জৈন্তাপুর সদরে সাপ্তাহিক হাঁটবার হওয়ায় উপজেলার পূর্ববাজারে সব ধরণের সবজির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। তবে রমজান মাসের বেশী চাহিদা সম্পন্ন সবজীর দাম আগের তুলনায় অনেক বেশী দামে বিক্রির অভিযোগ করেন হাঁটে আসা ক্রেতারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (১৩ মার্চ) জৈন্তাপুর হাঁটে টমেটো কেজি দরে ৬০ থেকে ৭০ টাকা। বেগুন ৪০ টাকা, লেবু হালি প্রতি ৬০-৮০ টাকা, শশা ১০০-১২০ টাকা, ক্ষিরা ৮০ টাকা। এই সমস্ত সবজীর চাহিদা রোজায় বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বিক্রি করছে বলে অভিযোগ করেন ক্রেতারা।
এ ছাড়াও ফুলকপি বাঁধাকপি, শিম,গাজরের চাহিদা রোজায় কম থাকায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতিপিছ বাঁধাকপি ৪০ টাকা ফুলকপি ৫০ টাকা কেজি ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।
রমজানের ২য় দিনে জৈন্তাপুর সাপ্তাহিক হাঁটে বেড়েছে মাছের দাম। মাছের প্রচুর যোগান থাকলেও দাম বেশী হাঁকায় ক্রেতাদের মাছ কিনতে হিমসিম খেতে হচ্ছে। এর মধ্যে দেশী মাছ দুএক টুকরী কিংবা হাতে গোনা কয়েকটা বোয়াল কিংবা শোল মাছের যোগান থাকলেও তা সাধারণ ক্রেতাদের সাধ্যের বাহিরে।সাপ্তাহিক হাঁটে বাজার করতে আসা লক্ষিপুর গ্রামের আব্দুস শুক্কুর জানাম, সবজীর বাজারে গিয়ে অর্ধেক টাকা শেষ, মাছের যে দাম আশানুরূপ কিনতে পারবো কিনা সংশয়। কলা খেঁজুর এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। পবিত্র রমজান এলে অর্থলোভী ব্যাবসায়ীরা মনমত দাম বাড়ালে নিম্ম-মধ্যবিত্তদের বেঁচে থাকা চ্যালেন্জের মুখে পড়বে। তিনি এ বিষয়ে বাজার মনিটরিং জোরদার করার আহবান জানান।
জৈন্তাবার্তা/জেএ




