সংগৃহীত
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে গুরুত্ব দিয়ে এখানে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।সারাদেশে থাকা প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানে অনুষ্ঠান করতে চাই।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ অনেকে।
এদিন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গেছে, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান তিনি। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষায় পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।
জৈন্তাবার্তা/সুলতানা




